মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমখেলানিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিশর। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ফারাওরা।


সোমবার (২২ জুন) কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিসি প্লেস ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে জয় পায় মিশর।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ফিন স্যারম্যানের দুর্দান্ত হেডে এগিয়ে যায় অল হোয়াইটসরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নিউজিল্যান্ড।


তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। মিশরের কোচ হোসাম হাসান কৌশলে পরিবর্তন আনলে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি।


৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে গোল করে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর ৭৫ মিনিটের দিকে মোহাম্মদ সালাহর দারুণ ফিনিশিংয়ে ২-১ গোলে এগিয়ে যায় মিশর।


ম্যাচের ৮২ মিনিটে কর্নার থেকে সালাহর দেওয়া বলে বদলি খেলোয়াড় ট্রেজেগুয়ে হেড করে গোল করলে মিশরের জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে।


এই জয়ের মাধ্যমে ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচ জিততে পারেনি তারা।


জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-তে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে মিশর।


অন্যদিকে, ভালো শুরু করেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারানো নিউজিল্যান্ড এখনও পরবর্তী পর্বের দৌড়ে রয়েছে। তবে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ—পরবর্তী ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে জয় পেতে হবে।


গ্রুপ ‘জি’-এর পরবর্তী ম্যাচে ২৬ জুন ইরানের মুখোমুখি হবে মিশর। একই দিনে নিউজিল্যান্ড খেলবে বেলজিয়ামের বিপক্ষে।