দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুরের মধ্যেই বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে, বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।