রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমসারা দেশসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার প্রবাসী যুবকের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ সময় প্রায় পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা মো. বেলাল হোসেন।


স্বজনরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তার দাদির মৃত্যু হওয়ায় দাদির নামে ওমরা পালন করেন তিনি। ওমরা শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।


নিহতের চাচা জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর তারা গাড়ি থেকে নেমে সড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাদের চাপা দেয়। এতে তিনজন নিরাপদে সড়কের আইল্যান্ডে উঠতে সক্ষম হলেও ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।


তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পান। হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


পরিবারের সদস্যরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। আর মাত্র এক মাস পর দেশে ফিরে তার বিয়ে হওয়ার কথা ছিল। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে পাত্রীও দেখা হয়েছিল। তবে সেই আনন্দের অপেক্ষা এখন শোকে পরিণত হয়েছে।


হানিফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।