কঠিন ম্যাচে ‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে
প্যারাগুয়ের বিপক্ষে উত্তেজনাপূর্ণ শেষ ষোলোর ম্যাচে জয়ের পর ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্বীকার করেছেন, প্রয়োজনের তাগিদে তার দল কঠোর ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে।
ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে করা এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স।
ম্যাচজুড়ে একের পর এক ফাউল, কঠিন ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময় ও সংঘর্ষের কারণে খেলার আবহ ছিল বেশ উত্তপ্ত। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, প্রতিপক্ষের শারীরিক ও মানসিক চাপ সামলাতে তাদেরও কঠিন ফুটবল খেলতে হয়েছে।
তিনি বলেন, “অনেকে ভেবেছিল আমরা শুধু সুন্দর ফুটবল খেলব। কিন্তু প্রয়োজন হলে কঠিন ও ‘নোংরা’ ফুটবল খেলতেও আমরা প্রস্তুত। আজ সেই লড়াইয়েও আমরা সফল হয়েছি।”
এমবাপ্পের মতে, পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে মানসিক লড়াই চলেছে। তবে সেই পরীক্ষায় ফ্রান্সই এগিয়ে ছিল।
তিনি আরও বলেন, “প্রতিপক্ষ আমাদের মানসিকভাবে বিচলিত করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরাই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।”
ম্যাচে উজবেকিস্তানের রেফারি ইলগিজ তানতাশেভ মোট চারটি হলুদ কার্ড দেখান, যার মধ্যে তিনটি পায় ফ্রান্সের খেলোয়াড়রা।
প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। আগামী বৃহস্পতিবার ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দলের দেখা হয়েছিল, যেখানে ২-০ গোলের জয়ে ফ্রান্স ফাইনালে উঠেছিল।