বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর, ইতিহাসে এগিয়ে আলবিসেলেস্তেরা
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আজ (৭ জুলাই) প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। দীর্ঘ প্রায় এক শতাব্দীর মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে দুই দলের পরিসংখ্যান পুরোপুরি আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।
দুই দেশের প্রথম দেখা হয়েছিল ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকের সেমিফাইনালে। সেই ম্যাচে মিশরকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
এরপর প্রায় ৭০ বছর পর ২০০১ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আবার মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচেও ৭-১ গোলের বড় জয় তুলে নেয় আর্জেন্টিনা।
সিনিয়র পর্যায়ে দুই দলের প্রথম লড়াই হয় ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসো। চোটের কারণে সে ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।
সবশেষ ২০২১ সালের টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দুই দলের দেখা হয়। মেদিনার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই দলের মেদিনা ছাড়াও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদা বর্তমানে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মূল দলে রয়েছেন।
এ পর্যন্ত প্রায় এক শতাব্দীতে বিভিন্ন পর্যায়ে দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ লড়াইয়েও ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে, আর মিশর প্রথম জয়ের অপেক্ষায় মাঠে নামছে।