বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্বকাপে ম্যারাডোনার দীর্ঘদিনের অ্যাসিস্ট রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপে ম্যারাডোনার দীর্ঘদিনের অ্যাসিস্ট রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপে ম্যারাডোনার দীর্ঘদিনের অ্যাসিস্ট রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার নতুন রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে ৩২ বছর ধরে অক্ষুণ্ন থাকা দিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে দেন তিনি।


মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে মেসির করা অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৯টি। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্টের রেকর্ড ছিল আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৯৪ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে নিজের শেষ অ্যাসিস্ট করেছিলেন তিনি, যা দীর্ঘদিন রেকর্ড হিসেবে টিকে ছিল।


আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। প্রত্যাবর্তনের সূচনা হয় মেসির নিখুঁত পাস থেকে। তার বাড়ানো বলকে হেডে জালে পাঠিয়ে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো।


এরপর ম্যাচের ৮৩তম মিনিটে নিজেই গোল করেন মেসি। বক্সের ভেতর থেকে নেওয়া তার দৃষ্টিনন্দন ভলিতে সমতায় ফেরে আর্জেন্টিনা। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১তম বিশ্বকাপ গোল এবং চলতি আসরে অষ্টম গোল। এই গোলের সুবাদে গোল্ডেন বুটের দৌড়েও এককভাবে শীর্ষে উঠে আসেন তিনি। এর আগে এই অবস্থানে তার সঙ্গে যৌথভাবে ছিলেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড।


নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লিসান্দ্রো মার্তিনেজের ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।


মেসির নতুন রেকর্ড এবং দলের নাটকীয় প্রত্যাবর্তন বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে।