বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমখেলাফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। তারা মনে করছেন, ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।


মঙ্গলবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পর্যালোচনায় আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ পর্যন্ত ৩৫ জন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।


চিঠিতে বলা হয়, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের বিশ্বাসযোগ্যতা রক্ষায় বিতর্কিত সিদ্ধান্তগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে বালোগানকে ঘিরে নেওয়া সিদ্ধান্ত কীভাবে গৃহীত হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।


ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্যারি অ্যান্ড্রুস, লারা ভল্টার্স ও নিলস ফুগলস্যাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত ফুটবলের ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতার পরিপন্থী। তাদের ভাষ্য, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে খেলার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় এবং প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।


বিতর্কের সূচনা হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে মার্কিন ফরোয়ার্ড বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সেই সিদ্ধান্তের সমালোচনা করেন। পরবর্তীতে ফিফা একটি আইনি বিধান প্রয়োগ করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়।


এদিকে চলমান ফিফা বিশ্বকাপে রেফারিং নিয়ে একাধিক বিতর্ক ইতোমধ্যে আলোচনায় এসেছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা জানিয়েছেন, রেফারিংয়ের মান, রাজনৈতিক প্রভাব, স্পন্সর সংশ্লিষ্ট বিষয় এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াসহ বিভিন্ন অভিযোগ পর্যালোচনার দাবি জানানো হয়েছে।