বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিদুই দিনের সফরে ঢাকায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনায় অভিবাসন ও নিরাপত্তা

দুই দিনের সফরে ঢাকায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই দিনের সফরে ঢাকায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

দু’দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, নিরাপত্তা সহযোগিতা, এবং প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

সফরের প্রথম দিনে (সোমবার) বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন তিনি।

মঙ্গলবার সকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দিন শেষে বিকেলে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে পাড়ি জমানো বহু বাংলাদেশি নাগরিক, এবং এই পথে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ রয়েছে ইতালি সরকারের। এ প্রেক্ষাপটে, বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে ইতালি বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে।

ইতালিতে কাজের জন্য ভিসা আবেদন করা অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকলেও, সঠিক নথি না থাকায় প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। ইতালি সরকারের দাবি—অনেক আবেদনকারী ভুয়া কাগজপত্র জমা দেওয়ায় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এই ভিসা জটিলতা ও সমাধান নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ইতালির সরকার ১৭টি দেশের একটি ‘নিরাপদ দেশের’ তালিকা তৈরি করে, যেখানে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। ইতালির অভিবাসন আইন ২০০৮-এর ২৮ নম্বর ধারার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশিত গেজেটে বলা হয়, এই তালিকাভুক্ত দেশের যেসব নাগরিক অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন, তাদের থাকার অনুমতি দেওয়া হবে না।