রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্বকাপ ব্যর্থতার পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

বিশ্বকাপ ব্যর্থতার পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপ ব্যর্থতার পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, দলের ব্যর্থতায় তিনি গভীরভাবে হতাশ এবং নিজেকে সামলে নিতে কিছুটা সময় প্রয়োজন।


রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের মূল দায়িত্ব কাঁধে নিয়েছিলেন ভিনিসিয়ুস। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করলেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ভিনিসিয়ুস লেখেন, প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, সব বয়সের সমর্থকদের ভালোবাসা ও সমর্থন তিনি অনুভব করেছেন, তাই নীরব না থেকে তাদের কাছে নিজের অনুভূতির কথা জানাতে চেয়েছেন।


রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের সবচেয়ে বড় গর্ব। তবে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।


তিনি আরও বলেন, বিশ্বকাপের জন্য তিনি এবং দল কঠোর পরিশ্রম করেছেন। তবুও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।