বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলাইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলতে চায় আর্জেন্টিনা, ফিফার অনুমতির অপেক্ষা

ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলতে চায় আর্জেন্টিনা, ফিফার অনুমতির অপেক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলতে চায় আর্জেন্টিনা, ফিফার অনুমতির অপেক্ষা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী সাদা-আকাশি হোম জার্সির পরিবর্তে নীল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে চায় আর্জেন্টিনা। এ জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।


আর্জেন্টিনার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ‘কাবালা’ বা সৌভাগ্যের বিশ্বাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি স্মরণীয় জয় তারা পেয়েছিল নীল অ্যাওয়ে জার্সি পরে। সেই সুখস্মৃতি থেকেই এবারও একই জার্সিতে মাঠে নামতে আগ্রহী লিওনেল মেসির দল।


তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১৪ জুলাই এএফএ, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমন্বয় সভায় ম্যাচ-সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি দুই দলের জার্সির রংও চূড়ান্ত করা হবে।


চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই নীল অ্যাওয়ে জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ সালের আসরে দুই দলের লড়াই হয়েছে। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টির গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।


বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া। অন্যদিকে, ইংল্যান্ড প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের শিরোপার স্বপ্ন নিয়ে সেমিফাইনালে মাঠে নামছে।