কিশোরদের আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু
কিশোরদের ইনস্টাগ্রামে অতিরিক্ত আসক্ত করে তুলতে প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে—এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) টেনেসির রাজধানী ন্যাশভিলে এ মামলার শুনানি শুরু হয়। মামলার বিচারপ্রক্রিয়া প্রায় সাত সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেনেসি কর্তৃপক্ষের অভিযোগ, মেটা জেনেশুনে এমন কিছু ফিচার তৈরি করেছে, যা কিশোরদের বারবার ইনস্টাগ্রাম ব্যবহারে উৎসাহিত করে। এর ফলে তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছে অঙ্গরাজ্যটি।
মামলার নথিতে বলা হয়েছে, ইনস্টাগ্রামের ব্যবহার কিশোরদের জন্য ক্ষতিকর হতে পারে—এমন বিভিন্ন গবেষণার তথ্য মেটার কাছে ছিল। তবে এসব তথ্য সাধারণ ব্যবহারকারীদের সামনে প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কিছু ফিচার চালু রাখলেও ব্যবহারকারীদের পর্যাপ্ত সতর্ক করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
টেনেসির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আরও অভিযোগ করেছে, মেটার কয়েকজন কর্মী কিশোরদের ওপর ইনস্টাগ্রামের নেতিবাচক প্রভাব নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে সতর্ক করেছিলেন। তবে ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি যথেষ্ট উদ্যোগ নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় ইনস্টাগ্রামের অটোপ্লে, রিলস ভিডিও, নোটিফিকেশন এবং নির্দিষ্ট সময় পর কনটেন্ট অদৃশ্য হয়ে যাওয়ার মতো ফিচারগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। টেনেসির দাবি, এসব ফিচার কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
টেনেসি কর্তৃপক্ষ মেটার বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং ইনস্টাগ্রামের কিছু ফিচারে পরিবর্তনের নির্দেশ চেয়েছে। আদালত মেটাকে আইন লঙ্ঘনের জন্য দায়ী করলে প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।