বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিস্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার উদ্বেগ

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার উদ্বেগ

স্মার্টফোনের পর প্রযুক্তি বিশ্বে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইস নিয়ে আগ্রহ বাড়ছে। স্মার্ট চশমা, কৃত্রিম বুদ্ধিমত্তার পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো এসব যন্ত্র ব্যবহারকারীর আশপাশের পরিস্থিতি বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে।


তবে এসব ডিভাইস যত বেশি তথ্য সংগ্রহ করছে, ততই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কারণ ব্যবহারকারীর আশপাশে থাকা ব্যক্তিরা সবসময় বুঝতে পারেন না যে তাদের ছবি, ভিডিও বা কথোপকথন ধারণ করা হচ্ছে কি না।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গোপনীয়তা নিয়ে এই উদ্বেগ স্মার্ট চশমা ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের জনপ্রিয়তার পথে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব পণ্যকে স্মার্টফোনের পরবর্তী বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। তবে মানুষের আস্থা অর্জন করা না গেলে নতুন ডিভাইসগুলোর ব্যবহার বাধাগ্রস্ত হতে পারে।


মেটার স্মার্ট চশমা নিয়ে বিতর্ক


এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মেটার রে-ব্যান স্মার্ট চশমা। ফ্যাশন ব্র্যান্ড রে-ব্যানের নকশার সঙ্গে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করে তৈরি এই চশমায় ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে।


এ কারণে বিভিন্ন জায়গায় এর ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যের কয়েকটি স্থানে এসব চশমার ব্যবহার সীমিত করা হয়েছে। দেশটির বড় পাব চেইন ওয়েদারস্পুনও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।


মেটার বিরুদ্ধে করা একটি মামলায় স্মার্ট চশমায় ধারণ করা ভিডিও নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। মামলাকারীদের আইনজীবীর দাবি, চশমায় ধারণ করা কিছু ভিডিও মেটার সার্ভারে যাওয়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে ব্যবহারের জন্য কর্মীরা সেগুলো দেখেছেন ও শ্রেণিবদ্ধ করেছেন।


অভিযোগে আরও বলা হয়েছে, এসব ভিডিওর মধ্যে এমন দৃশ্যও ছিল যেখানে মানুষ পোশাক পরিবর্তন করছেন, বাথরুম ব্যবহার করছেন বা আর্থিক তথ্য নিয়ে কাজ করছেন। তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে।


মেটার দাবি, চশমায় ভিডিও ধারণের সময় একটি নির্দেশক আলো জ্বলে, যা বন্ধ করা যায় না। কেউ সেই আলো ঢেকে দিলে বা এতে কারসাজি করলে ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়।


স্মার্ট চশমার বাজারে আসছে স্যামসাং


গোপনীয়তা নিয়ে বিতর্কের মধ্যেই স্মার্ট চশমার বাজারে প্রবেশের পরিকল্পনা করছে স্যামসাং। চলতি বছরের শেষ দিকে জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সঙ্গে অংশীদারির মাধ্যমে এই ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


তবে স্যামসাং স্মার্ট চশমাকে স্মার্টফোনের বিকল্প হিসেবে দেখছে না। প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জে কিম রয়টার্সকে বলেন, ভবিষ্যতের সফল ডিভাইস শুধু ব্যবহার সহজ হলেই হবে না, মানুষের কাছে বিশ্বাসযোগ্যও হতে হবে।

 ক্যামেরাবিহীন স্মার্ট চশমার উদ্যোগ


গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে কিছু প্রতিষ্ঠান ক্যামেরাবিহীন স্মার্ট চশমা তৈরি করছে।


শেনঝেনভিত্তিক স্টার্টআপ ইভেন রিয়েলিটিজ ২০২৪ সালে ক্যামেরাবিহীন জি১ স্মার্ট চশমা বাজারে আনে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মডেল জি২ বাজারে আসে ২০২৫ সালের নভেম্বরে।


প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উইল ওয়াং বলেন, অনেক ক্রেতা এখন স্মার্ট চশমাকে গোপনে রেকর্ড করার সঙ্গে যুক্ত করে দেখছেন। তাই আরও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত ক্যামেরা ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।


শুধু স্মার্ট চশমা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রেকর্ডারের ক্ষেত্রেও গোপনীয়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সান ফ্রান্সিসকোর প্রতিষ্ঠান পকেট এমন একটি রেকর্ডার তৈরি করেছে, যাতে রেকর্ড করতে ব্যবহারকারীকে একটি বোতাম চাপতে হয়। ফলে কখন রেকর্ডিং শুরু হচ্ছে, তা আশপাশের অন্য ব্যক্তিরাও বুঝতে পারেন।


আরেক প্রতিষ্ঠান প্লাউডও রেকর্ডিংয়ের বিষয়টি স্পষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছে। তাদের কিছু ডিভাইসে আলো বা শব্দের মাধ্যমে আশপাশের মানুষকে রেকর্ডিং শুরুর বিষয়টি জানানো হয়।