ব্যবসায় এআই প্রযুক্তির রূপান্তরে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা
করপোরেট প্রতিষ্ঠান ও ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপারইন্টেলিজেন্সভিত্তিক প্রযুক্তি সহজলভ্য করতে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং প্রবৃদ্ধিতে সহায়তা করাই নতুন এই উদ্যোগের লক্ষ্য।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ঘোষণায় জানান, প্রতিষ্ঠানটির এআই মডেল, এআই এজেন্ট, ক্লাউড অবকাঠামো এবং ব্যবসায়িক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাকে একত্র করে নতুন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে মেটার নিজস্ব প্রযুক্তি ব্যবস্থার বিভিন্ন অংশ এই প্ল্যাটফর্মের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘মিউজ এজেন্ট’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ডেভেলপারদের জন্য ‘মিউজ এপিআই’ এবং সফটওয়্যার তৈরিতে সহায়ক ‘মিউজ কোড’।
এন্টারপ্রাইজ খাতে মেটার নতুন উদ্যোগ পরিচালনার জন্য চিরন্তন ‘সিজে’ দেশাইকে ‘চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি সরাসরি মার্ক জাকারবার্গের অধীনে কাজ করবেন।
প্রযুক্তি ও এন্টারপ্রাইজ সফটওয়্যার খাতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সিজে দেশাইয়ের। মেটায় যোগ দেওয়ার আগে তিনি ডাটাবেজ প্রতিষ্ঠান মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ক্লাউডফ্লেয়ারের পণ্য ও প্রকৌশল বিভাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সার্ভিসনাও-এ প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
ক্লাউড অবকাঠামো, এআই, এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং সাইবার নিরাপত্তায় দেশাইয়ের অভিজ্ঞতা মেটার নতুন এন্টারপ্রাইজ উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।