নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করতে পারেন নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় খুব সহজেই পছন্দের ছবিকে স্টিকারে রূপান্তর করা যায়। এ জন্য প্রয়োজন হয় না গ্রাফিকস ডিজাইনের কোনো বিশেষ দক্ষতা।
চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবি থেকে কার্টুন, অ্যানিমে, ত্রিমাত্রিক বা বিভিন্ন সৃজনশীল নকশার স্টিকার তৈরি করা সম্ভব। চাইলে তৈরি করা স্টিকার সরাসরি হোয়াটসঅ্যাপেও যুক্ত করা যায়।
জেনে নেওয়া যাক, কীভাবে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করবেন।
চ্যাটজিপিটি দিয়ে স্টিকার তৈরির পদ্ধতি
প্রথমে মোবাইল ফোনে চ্যাটজিপিটি অ্যাপ খুলতে হবে। এরপর মেনু থেকে ‘ইমেজেস’ অপশনে গিয়ে ‘স্টিকারস’ নির্বাচন করতে হবে। সেখানে ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবিটি আপলোড করতে হবে।
ছবি আপলোডের পর স্টিকারের ধরন নির্বাচন করতে হবে। যেমন—ত্রিমাত্রিক, অ্যানিমে, হাতে আঁকা, কমিক বুক কিংবা মিমধর্মী নকশা। এরপর নিজের পছন্দ অনুযায়ী নির্দেশনা লিখে স্টিকার তৈরির অনুরোধ জানাতে হবে।
উদাহরণ হিসেবে নির্দেশনা দিতে পারেন, ‘আমার মুখের বৈশিষ্ট্য ঠিক রেখে একটি সুন্দর কার্টুন স্টিকার তৈরি করো।’ নির্দেশনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিটি প্রক্রিয়াকরণ করে স্টিকার তৈরি করবে।
তৈরি করা স্টিকার পছন্দ না হলে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের নির্দেশনাও দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপে স্টিকার যুক্ত করবেন যেভাবে
স্টিকার তৈরি হয়ে গেলে ‘অ্যাড টু চ্যাট অ্যাপস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ নির্বাচন করে স্টিকারগুলো অ্যাপে যুক্ত করতে হবে।
সবশেষে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে ক্লিক করলেই তৈরি করা স্টিকারগুলো পাওয়া যাবে। সেখান থেকে পছন্দের স্টিকার বন্ধু ও পরিচিতজনদের পাঠানো যাবে। চাইলে ফোনেও সংরক্ষণ করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ থেকেই তৈরি করা যাবে স্টিকার
চ্যাটজিপিটি ছাড়াও হোয়াটসঅ্যাপের নিজস্ব সুবিধা ব্যবহার করে স্টিকার তৈরি করা যায়। এ জন্য অ্যাপের যেকোনো চ্যাট খুলে ইমোজি আইকনে ক্লিক করতে হবে। এরপর স্টিকার অপশনে গিয়ে ‘ক্রিয়েট’ নির্বাচন করতে হবে।
সেখান থেকে ফোনের গ্যালারির পছন্দের ছবি নির্বাচন করে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে হবে। সম্পাদনা শেষে তৈরি করা স্টিকার সরাসরি চ্যাটে পাঠানো যাবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লিখিত নির্দেশনা থেকেও স্টিকার তৈরির সুবিধা রয়েছে। তবে এ সুবিধা সব দেশে সমানভাবে চালু নেই।
নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার ব্যক্তিগত কথোপকথনে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এ ধরনের স্টিকার তৈরির সময় ব্যক্তিগত ছবির গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।