ভুয়া অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে ম্যালওয়্যার
অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার প্রবণতা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। জনপ্রিয় অ্যাপের আদলে তৈরি ভুয়া টিকটক বা গুগল ক্রোমের মাধ্যমে ফোনে ঢুকে পড়ছে ক্ষতিকর ‘রকারোলা’ ম্যালওয়্যার। এটি ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত তথ্য এমনকি ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লে স্টোরের পরিবর্তে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা এই ম্যালওয়্যার ছড়াচ্ছে। ফোনে ইনস্টল হওয়ার পর এটি ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
### যেভাবে ছড়ায় রকারোলা
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা প্রথমে গুগল ক্রোম বা টিকটকের মতো জনপ্রিয় অ্যাপের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। ব্যবহারকারীরা এসব ওয়েবসাইটে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে চাইলে তাদের সামনে গুগল প্লে প্রোটেক্টের আদলে একটি নিরাপত্তা সতর্কবার্তা দেখানো হয়।
অনেক ব্যবহারকারী এটিকে গুগলের প্রকৃত সতর্কবার্তা মনে করে পরবর্তী ডাউনলোডের অনুমতি দেন। আর এই সুযোগেই ফোনে ঢুকে পড়ে রকারোলা ম্যালওয়্যার।
ফোনে প্রবেশের পর ম্যালওয়্যারটি ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ফলে ব্যবহারকারী মনে করেন, তিনি নিজের ব্যাংকিং অ্যাপে প্রবেশ করছেন। কিন্তু সেখানে দেওয়া ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরাসরি সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।
শুধু ব্যাংকিং তথ্য চুরিই নয়, ম্যালওয়্যারটি ফোনের লকস্ক্রিনের তথ্য ও কনট্যাক্ট তালিকাও হাতিয়ে নিতে পারে। কী-লগারের মাধ্যমে ফোনে টাইপ করা তথ্য রেকর্ড করার পাশাপাশি ব্যাংক থেকে আসা প্রতারণা-সংক্রান্ত সতর্কবার্তাও আটকে দিতে সক্ষম এটি।
এমনকি সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যাংক থেকে আসা ফোনকলও বাধাগ্রস্ত করতে পারে ম্যালওয়্যারটি। ফলে ব্যবহারকারী বিষয়টি বুঝে ওঠার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
### নিরাপদ থাকবেন যেভাবে
বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ উপায় হলো কেবল অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করা। গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই নিরাপদ।
একই সঙ্গে অ্যাপ ইনস্টলের সময় অস্বাভাবিক নিরাপত্তা সতর্কবার্তা বা অতিরিক্ত অনুমতি চাওয়া হলে সতর্ক থাকতে হবে। অপরিচিত ওয়েবসাইটের বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করে অ্যাপ ইনস্টল করা থেকেও বিরত থাকা উচিত।
সাইবার অপরাধীরা নিয়মিত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে।