নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়: আজ হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করবেন।
এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন (শামীম), পৌর কাউন্সিলর মাকসুদ আলমসহ মোট ১৬ জন।
হাইকোর্টে অনুষ্ঠিতব্য এ শুনানিতে ট্রায়াল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স এবং দণ্ডিত আসামিদের করা আপিল একসঙ্গে বিবেচনা করা হবে।