বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমস্বাস্থ্যঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ

ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ

সরকারি হাসপাতালে দালাল চক্রের উৎপাত, প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো এবং অপ্রয়োজনীয় পরীক্ষা/কমিশন বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ করার কঠোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বুধবার (২৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পিপিআরসি ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যৌথ আয়োজনে আয়োজিত ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে মন্ত্রী বলেন, "অতীত সরকারের আমলে টেন্ডারে অসৎ উদ্দেশ্যে অবাস্তব শর্ত জুড়ে দিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হতো। কারিগরি লোকবল ছাড়াই কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কিনে ফেলে রাখা হয়েছে, যা এখন ভাঙাড়ির দোকানে দেওয়া ছাড়া উপায় নেই।"


তিনি আরও জানান, একটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি শেষ হলে সরকার নিজস্ব অর্থায়নে ডায়ালাইসিস মেশিন কিনবে, যা আগামী ডিসেম্বর থেকে সাধারণ মানুষকে অনেক কম খরচে সেবা প্রদান করবে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে।


স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ সম্পর্কে মন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ১০টি উপজেলা ও ৯০টি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের সাইকেল, স্মার্টফোন এবং এআই সমৃদ্ধ 'কিট বক্স' দেওয়া হবে। তারা ঘরে ঘরে গিয়ে রক্তের ডায়াবেটিস, চাপ, লিপিড প্রোফাইলসহ প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবেন।


মন্ত্রণালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, "অডিটের নামে এক টাকাও ঘুষ দেওয়া যাবে না। কেউ অনৈতিক টাকা চাইলে না দিয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন।"


এছাড়া প্রাইভেট ক্লিনিকে অন্তঃসত্ত্বা মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনে বাধ্য করা এবং অনুমোদনহীন ক্লিনিকের প্রতারণামূলক ব্যবসা বন্ধে সিভিল সার্জন ও জেলা প্রশাসনের মাধ্যমে 'সারপ্রাইজ ভিজিট' ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।


অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান গবেষণার মূল তথ্য উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।