সঞ্জয় দত্তকে জড়িয়ে আবেগঘন বার্তা দিলেন সালমান খান
বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তকে -এর দীর্ঘদিনের বন্ধুত্ব আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি সাক্ষাতের পর একে অপরকে আলিঙ্গন করার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন সালমান খান।
সালমান প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে লেখেন, “আমি তোমাকে ভালোবাসি, বাবা।”একই সঙ্গে তিনি সঞ্জয় দত্তকে নিজের ‘বড় ভাই’ বলেও উল্লেখ করেন।
শুধু ভালোবাসা প্রকাশেই থেমে থাকেননি সালমান। তিনি সঞ্জয় দত্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য প্রার্থনা করেছেন। তার বার্তায় আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন সবসময় সঞ্জয়ের ওপর থাকে এবং তিনি সুস্থ ও হাসিখুশি থাকেন— এমন শুভকামনাও জানান।
সালমানের এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই দুই তারকার বন্ধুত্বকে বলিউডের অন্যতম সুন্দর সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, “এটাই প্রকৃত ভাইয়ের সম্পর্ক,” আবার অনেকে তাদের আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার আশা প্রকাশ করেছেন।
সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সমর্থন বলিউডে বিশেষভাবে আলোচিত।