আঞ্চলিক শান্তি-নিরাপত্তা নিয়ে আলোচনায় সোমবার তেহরান যাচ্ছেন আসিম মুনির
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য সোমবার (২৪ আগস্ট) ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। খবর রয়টার্সের।
পাকিস্তান সরকারের দুটি সূত্রও আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। একটি সূত্র জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে সরাসরি যোগাযোগ রয়েছে।
অন্য একটি সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতির পাশাপাশি দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়েও আলোচনা হতে পারে।
সফরে আসিম মুনির ইরানের নেতাদের সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুতি ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে আলোচনায় ইসলামাবাদ সক্রিয় ভূমিকা রাখছে।