সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বসহকারী অধ্যাপক নিয়োগে স্বচ্ছতার দাবিতে উত্তাল বিহার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সহকারী অধ্যাপক নিয়োগে স্বচ্ছতার দাবিতে উত্তাল বিহার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
সহকারী অধ্যাপক নিয়োগে স্বচ্ছতার দাবিতে উত্তাল বিহার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নানা পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিহার রাজ্য। রাজধানী পাটনায় বিক্ষোভরত পিএইচডি গবেষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।


শনিবার (২২ আগস্ট) লোকভবন ঘেরাও কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।


পুলিশের ব্যারিকেড অতিক্রম করতে ব্যর্থ হয়ে পরে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীদের মিছিল।


সিটি এসপি (কেন্দ্রীয়) মমতা কল্যাণী সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পাটনায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া নিয়ে পাটনায় আন্দোলন চালিয়ে আসছেন পিএইচডি গবেষকসহ সংশ্লিষ্টরা। নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, আবেদনের সময়সীমা বাড়ানো এবং নিয়োগপ্রাপ্তদের পদে স্থায়ীভাবে বহাল রাখার দাবিতে তারা আন্দোলন করছেন।


এ ছাড়া উচ্চশিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের পদত্যাগের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।