প্রথমবার এসিসির সভায় তামিম, পেলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিমের এই দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এশিয়ায় ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করবে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটি।
সভায় এসিসির প্রশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডেও নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুলআজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন।
সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর নির্বাচিত হয়েছেন। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
সভায় এসিসির সভাপতির পদ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সভাপতি হওয়ার সুযোগ থাকা পূর্ণ সদস্য বোর্ডগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে পর্যায়ক্রমে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো।
এ ছাড়া প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কমিটির বিস্তারিত পরে জানানো হবে।
এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে যুক্ত করার একটি অভিন্ন মাধ্যম। বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো এসিসির প্রশাসনিক পরিপক্বতা এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের সেবায় কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।