ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৭৩ জন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯০ জন।