বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমখেলাফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না সেফেরিন

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না সেফেরিন

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না সেফেরিন

আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন—এমন গুঞ্জন চলছিল কয়েক দিন ধরে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সেফেরিন।


ফিফা কংগ্রেসে সভাপতি পদে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা তার নেই বলে জানিয়েছেন উয়েফা সভাপতি। তবে ইনফান্তিনোর বিপক্ষে অন্য কেউ প্রার্থী হতে পারেন বলে মনে করেন তিনি।


‘রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে ৫৭ বছর বয়সী সেফেরিন বলেন, ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি আগ্রহী নন। এর পেছনে দুটি কারণ রয়েছে বলে জানান তিনি। প্রথমত, তিনি উয়েফাকে ভালোবাসেন এবং সেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দ্বিতীয়ত, জীবনের একটি পর্যায়ে এসে তা উপভোগ করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।


সেফেরিন আরও বলেন, তিনি যদি ফিফা সভাপতি পদে আগ্রহ না দেখান, তাহলে মানুষের কাছে তার প্রতি বিশ্বাস আরও বাড়বে।


বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে বলে উল্লেখ করেন সেফেরিন। তার ধারণা, সমর্থন হারালে ইনফান্তিনো নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে পারেন। তবে তিনি নির্বাচনে অংশ নিলে তার বিপক্ষে অন্য কেউ প্রার্থী হতে পারেন বলেও মন্তব্য করেন।


ইনফান্তিনোর পরিকল্পনায় ফিফার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব ছিল। এর ২১ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। তবে ব্যাপক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো।


সেফেরিন ইনফান্তিনোর ওই পরিকল্পনার সমালোচনা করে এটিকে ২০২১ সালের ব্যর্থ ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ফুটবল সবার সম্পদ এবং এটিকে বিক্রি হতে দেওয়া হবে না।


ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সেফেরিন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা বাতিলের ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপকেও তিনি ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেন।