শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিননোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, দেড় ঘণ্টা পর ছাড়লেন আন্দোলনকারীরা

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, দেড় ঘণ্টা পর ছাড়লেন আন্দোলনকারীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, দেড় ঘণ্টা পর ছাড়লেন আন্দোলনকারীরা

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড় ছেড়ে যান। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।


অবরোধের আগে জুমার নামাজ শেষে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন আন্দোলনকারীরা। মিছিলটি মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে পৌঁছায়। ঢাকার চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে নোয়াখালীর বাসিন্দারা এতে অংশ নেন। আয়োজকদের দাবি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে এসে কর্মসূচিতে যোগ দিয়েছেন।


অবস্থান কর্মসূচিতে ‘নোয়াখালী বিভাগ চাই’ এবং ‘আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’—এ ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকে গান ও স্লোগানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নেন।


আন্দোলনকারীদের অবরোধের কারণে গুলিস্তান থেকে ধানমন্ডি এবং শাহবাগ থেকে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। ওই এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতেও দেখা যায়।


প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।