রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদনতাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

favicon
ভোরের আলো ডেস্ক:
তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।


সম্প্রতি সিডনিতে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে শাবনূরের। তাসকিন ও তাঁর পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শাবনূর।


শাবনূর জানান, গতকাল সিডনিতে তাঁর ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে তাসকিন আহমেদের সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো এই সময়কে আনন্দময় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।


তাসকিন ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’


শুধু পারিবারিক আড্ডা নয়, তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’


শাবনূরের শুভেচ্ছার জবাব দিয়েছেন তাসকিনও। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তার জন্য শাবনূর আপু ও তাঁর পরিবারকে ধন্যবাদ।’