বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশবগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মা-বাবার ওপর হামলা

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মা-বাবার ওপর হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মা-বাবার ওপর হামলা

বগুড়ার ধুনটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন তার বাবা ও মা। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপি নেতার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ দীর্ঘদিন ধরে একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের মেয়ে ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।


শুক্রবার বিকেলে আকাশ ও তার সহযোগীরা জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলে আকাশ ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনা খাতুনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকারে ছুটে আসা জাহাঙ্গীর আলমকেও আকাশ ও তার সহযোগীরা মারধর করে আহত করে।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর্জিনার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই আকাশ পলাতক রয়েছে।


আকাশের বাবা আবুল মুনছুর আহম্মেদ পাশা দাবি করেন, তার ছেলের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল এবং তাকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, যার প্রতিক্রিয়াতেই এই ঘটনা ঘটেছে।


ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকাশ নামের এক যুবকের হামলায় ওই দম্পতি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।