শরাক ইস্যুতে নগর ভবনে উত্তাপ, জনদুর্ভোগ চরমে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে চলছে অবরোধ কর্মসূচি। তার সমর্থক ও নেতাকর্মীরা মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই নগর ভবনের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। এতে গুলিস্তান ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
তাদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা সত্ত্বেও সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না, যা আদালত অবমাননার শামিল। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত শপথ আয়োজন সম্ভব নয়।"
উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও শপথ গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি।