বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিমুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মানহানির মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ইসলামী আন্দোলনের

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মানহানির মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ইসলামী আন্দোলনের

favicon
ভোরের আলো ডেস্ক:
মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মানহানির মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ইসলামী আন্দোলনের

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন ফেসবুক ও ইউটিউবে প্রচারিত কিছু কনটেন্টে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর মন্তব্য করা হয়। অভিযোগ অনুযায়ী, একটি ইউটিউব ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। পাশাপাশি একটি ফেসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়।


এজাহারে আরও বলা হয়েছে, এসব বক্তব্য ও পোস্টের মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।


তবে মামলাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপির নেতারা বাদীর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।


কুমিল্লা মহানগর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাঈদ দাবি করেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কোনো নেতা নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলাটিকে বিতর্কিত বলেও মন্তব্য করেন।


অন্যদিকে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, দলটি আইনগত উপায়ে বিষয়টির মোকাবিলা করবে।


এ বিষয়ে বাদী জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ার কারণেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।


মামলার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, যে কোনো নাগরিক আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারেন। অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলাটি গ্রহণ করা হয়েছে।


মামলাটি ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিলেও তদন্ত শেষে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।