সিলেটের নদীতে পাহাড়ি ঢল, প্লাবিত জাফলং ও সাদাপাথর
সিলেটের জাফলং ও সাদাপাথর এলাকায় হঠাৎ করে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই ও পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে ভারতের মেঘালয় থেকে আসা ঢল বাংলাদেশে প্রবেশ করে ধলাই ও পিয়াইন নদীর পানি হঠাৎ বেড়ে যায়। এতে জাফলংয়ের জিরো পয়েন্ট, সাদাপাথর ও আশপাশের এলাকাগুলো দ্রুত প্লাবিত হয়।
প্রবল স্রোতের কারণে নদীর পানি আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। এর ফলে সাদাপাথর ও জাফলংয়ের বেশিরভাগ পর্যটন এলাকা পানিতে ডুবে যায় এবং পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তবে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার পর থেকে পানি নামতে শুরু করে বলে জানা গেছে।
এছাড়া জাফলং ছাড়াও গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদীতীরবর্তী এলাকাগুলোতে পানির প্রবল স্রোত ও ভাঙনের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে করে নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে এবং বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।