বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ দুপুরে

ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ দুপুরে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ দুপুরে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে।

মঙ্গলবার রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, "অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং দীর্ঘ সময় ধরে চলমান অচলাবস্থার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছে এনসিপি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় না। তারা আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার আগেই ঢাকা দক্ষিণ সিটির মেয়রপদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যা পক্ষপাতদুষ্ট আচরণের প্রমাণ। এ ধরনের কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।"

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি।

এ কারণে গত ১৪ মে থেকে নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। এতে নগর ভবনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিয়মিত অফিসে যেতে পারছেন না।

এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে রাস্তায় নামছে এনসিপি, যা আরও রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।