তারেক রহমানের সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ
চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান আলোইস জভিংগি।
এ সময় তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অন্যান্য ডেল্টা দেশগুলোর জন্য আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।
তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে বাংলাদেশ সৌরবিদ্যুৎ খাতে কর-সুবিধা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তৈরি করতে পারে।
তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
এ সময় তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।