রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া
রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করবে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পাওয়া অর্থ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে। ইউনিসেফ এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখনো মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সহায়তা রোহিঙ্গা শিবির ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।