তেজগাঁওয়ে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুদ, ৪৫ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার মজুদ করার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ‘মায়ের দোয়া’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। বাইরে কোনো সাইনবোর্ড না থাকলেও প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে কয়েকশ এলপিজি সিলিন্ডার দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। তবে এসব সিলিন্ডারের অধিকাংশই খালি ছিল।
অভিযানে কর্মকর্তারা অভিযোগ করেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটিতে সিলিন্ডার মজুদ করা হচ্ছিল। এ ছাড়া যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, লাইসেন্স ও মূল্যতালিকা দেখাতে না পারার অভিযোগও করা হয়।
তবে প্রতিষ্ঠানটির মালিক দাবি করেন, রোববার রাতে কয়েকটি গ্যাসভর্তি সিলিন্ডার আনা হয়েছে। তার দাবির পক্ষে অবশ্য কোনো নথিপত্র দেখাতে পারেননি তিনি।
পরে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি মজুদদারির দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।