জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে: মিয়া গোলাম পরওয়ার
জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নিলে প্রয়োজনে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাটেক্সপোর নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গতানুগতিক বিরোধী দলের মতো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সরকার জনস্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় বাটেক্সপোর নেতৃবৃন্দ দেশের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও তাদের নানা পরামর্শ তুলে ধরেন।
সভায় এসব সমস্যা ও দাবির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।