বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থ, সঠিক অভিবাসন ব্যয় এবং চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মালয়েশিয়ায় আর ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো হবে না। পুরো প্রক্রিয়াকে নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।


মন্ত্রী জানান, বেসরকারি এজেন্সির ওপর যথাযথ নিয়ন্ত্রণ না থাকা এবং অতিরিক্ত অর্থ আদায়ের ঝুঁকি কমাতে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীর চাকরির নিশ্চয়তা এবং যাতায়াতসহ অভিবাসন ব্যয় সুনির্দিষ্ট করা হবে। বেসরকারি এজেন্সির মাধ্যমে পুরো প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখা কঠিন হওয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে।


মন্ত্রী আরও জানান, বোয়েসেল প্রক্রিয়াটিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং আশা করা হচ্ছে ৮ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে।


যেসব বেসরকারি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য চাহিদাপত্র আনছে, সেগুলো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সরেজমিনে যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করার কাজ চলছে।


এদিকে সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অভিযোগ করেন, কিছু অসাধু ট্রাভেল এজেন্সি শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা করে নিয়ে ভিসা প্রতারণা করেছে। এখন তারাই লোক জড়ো করে আন্দোলন করাচ্ছে বলে দাবি করেন তিনি।


প্রবাসী কল্যাণমন্ত্রী সতর্ক করে বলেন, যাদের ভিসা ও ওয়ার্ক পারমিট বৈধ ও সঠিক থাকবে, তারা নিয়ম অনুযায়ী ছাড়পত্র পাবেন। তবে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।