ডিজিটাল সেবায় উৎসাহী জনগণ, বাড়ছে ভূমি কর আদায়
ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে।
বৃহস্পতিবার (২২ মে) সচিবালয়ে আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত আয়োজিত ‘ভূমি মেলা’ উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ভূমি সচিব বলেন, “আদায় আরও বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। আগে মানুষ দুর্নীতি, হয়রানি ও অনিয়মের ভয়ে ভূমি অফিসে গিয়ে কর দিতে উৎসাহিত হতো না। তবে এখন ভূমি সেবা ডিজিটাল হওয়ায় ঘরে বসেই অনলাইনে ভূমি কর প্রদান করা যাচ্ছে। এছাড়াও ভূমি সহায়তা কেন্দ্র থেকেও কর পরিশোধ করা সম্ভব।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং তথ্য ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। এছাড়া অনলাইনে ১ কোটি ১০ লাখ দাখিলা প্রদান করা হয়েছে। সার্ভার সচল থাকলে প্রতিদিন ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত কর আদায় সম্ভব।
এছাড়া প্রতিদিন ই-পর্চা সার্ভিস থেকে সরকারি কোষাগারে যোগ হচ্ছে প্রায় ১৪ থেকে ১৮ লাখ টাকা। গত জুলাই থেকে মে মাস পর্যন্ত এই সেবার মাধ্যমে মোট ৪৫ কোটি টাকা আয় হয়েছে।
ভূমি নামজারি ব্যবস্থার মাধ্যমেও গত এক বছরে ২৯০ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান ভূমি সচিব।
তিনি বলেন, “ডিজিটাল ব্যবস্থার কারণে এখন মানুষ আস্থা পাচ্ছে। আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব হোক।