শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমজাতীয়উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে আন্দোলন স্থগিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইশরাকের

উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে আন্দোলন স্থগিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইশরাকের

favicon
ভোরের আলো ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের শর্তে আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এই ঘোষণা দেন।

ইশরাক বলেন, “একটি ভুয়া রিটের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দেওয়া হয়েছিল। আজ হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছে, এতে আইনের শাসনের বিজয় হয়েছে। এখন দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—এর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের দাবি থেকে আমরা সরে আসছি না। আপাতত দলীয় সিদ্ধান্তে আন্দোলন স্থগিত করা হলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকব।”

নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ইশরাক বলেন, “আমার প্রিয় ঢাকাবাসী যেভাবে পাশে ছিলেন, আমি চিরঋণী। আমার প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য তারেক রহমানও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট খারিজ করে দেয়। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

হাইকোর্টের রায়ের পর ইশরাকের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। যদিও দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানায় আন্দোলনকারীরা।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক লিখেছিলেন, “এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। পদত্যাগ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, রাস্তা ছাড়বেন না।”

এই ইস্যুতে ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই রায় জনগণের বিজয়। তবে নেতাকর্মীদের সড়ক অবরোধ না করে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফখরুলের এই আহ্বানের কিছুক্ষণ পরেই ইশরাক হোসেন আন্দোলনস্থলে এসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন, তবে দাবিতে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন।