নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়ে শুক্রবার (৯ অক্টোবর) শেষ হবে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে দুই দেশ। এর মধ্যে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের বাজার থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।