দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টি ও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।