শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

favicon
সাইফুল আলম মিরাজ
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সাগর ও নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবেন না জেলেরা।


মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদফতরের জারি করা এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সাগর ও নদীতে বিশেষ নজরদারি থাকবে। জেলেদের নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরতে সাগর-নদীতে নামা ঠেকাতে মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ যৌথভাবে টহল দেবে।


এ ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান, প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার, পরিবহন, মজুদ বা বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিষেধাজ্ঞাকে সামনে রেখে সাগর ও নদীতে থাকা ইলিশ জেলেরা বুধবার বিকেলেই তীরে ফিরে এসেছেন।


নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ইলিশ জেলের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে এ সহায়তা পাবেন শুধু নিবন্ধিত প্রায় সাড়ে ১১শ জেলে পরিবার।