শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নিরাপদ পানি নিশ্চিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার দেবে বিভিন্ন সংস্থা

নিরাপদ পানি নিশ্চিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার দেবে বিভিন্ন সংস্থা

favicon
সাইফুল আলম মিরাজ
নিরাপদ পানি নিশ্চিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার দেবে বিভিন্ন সংস্থা

বাংলাদেশে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন সংস্থা ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পানি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সমন্বিতভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে।


তিনি বলেন, নদীর উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলের পানিতে দিন দিন লবণাক্ততা বাড়ছে। এসব সমস্যা মোকাবিলা করে মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।


বৈঠকে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বলেন, দেশের সব মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউনিসেফ।