জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য জমি দেখা হচ্ছে। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাইতুল লিংক রোডের পাশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটি স্থানান্তর করা হবে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন সময়ে যারা সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, পুরো এলাকাকে সুশাসনের আওতায় এনে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে। এ জন্য পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে জায়গা নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং সুশাসন নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব। তবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীসহ নানা সমস্যা রয়েছে।
এসব সমস্যা মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ক্যাম্পের বাইরে নষ্ট হয়ে যাওয়া কাঁটাতারের বেড়া মেরামতের পাশাপাশি নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।