মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরায়েলের নির্বাচনের ৮ দিন আগে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের গোপন বৈঠক

ইসরায়েলের নির্বাচনের ৮ দিন আগে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের গোপন বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলের নির্বাচনের ৮ দিন আগে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের গোপন বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অঘোষিত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


ইসরায়েলের নির্বাচনের মাত্র আট দিন আগে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে আলোচনার সময় এ বৈঠক অনুষ্ঠিত হলো।


ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের মধ্যে বৈঠক হয়। ওই বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।


সফরকালে ওভদা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন পিট হেগসেথ। এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস, সংশ্লিষ্ট বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে।


সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দেশের সেরারা, এক ঐতিহাসিক মিশনে। ঈশ্বর আপনাদের সহায় হোন।’


ইসরায়েলের নির্বাচনের আগে এই বৈঠককে ঘিরে কূটনৈতিক ও সামরিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনার প্রেক্ষাপটে বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।


তবে বৈঠকে ইরান ইস্যুতে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা সামরিক অভিযানের বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।