সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মধ্যপ্রাচ্যের উত্তেজনা: আমিরাতে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: আমিরাতে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা: আমিরাতে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এ পরিস্থিতিতে বিমান চলাচলে বিঘ্ন এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে দূতাবাস।


আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ অক্টোবর) এক নিরাপত্তা সতর্কবার্তায় এসব তথ্য জানায় মার্কিন দূতাবাস।


সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। ফলে এ অঞ্চলে ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


দূতাবাসের তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।


বিবৃতিতে আরও সতর্ক করা হয়, পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে এবং সংঘাত মধ্যপ্রাচ্যের বর্তমান এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।


এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি প্রয়োজনে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখতেও বলা হয়েছে।


এ ছাড়া দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে।