শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের দাবি, মাস্কের সঙ্গে কথা বলার পর ইউক্রেনে চালু স্টারলিংক

ট্রাম্পের দাবি, মাস্কের সঙ্গে কথা বলার পর ইউক্রেনে চালু স্টারলিংক

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের দাবি, মাস্কের সঙ্গে কথা বলার পর ইউক্রেনে চালু স্টারলিংক

ইউক্রেনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক আবারও চালু হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগের পর ইউক্রেনে এ সেবা পুনরায় সচল করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, স্টারলিংক সেবা আবার চালু করা হয়েছে। তবে তিনি নিজে মাস্ককে ফোন করেছিলেন, নাকি অন্য কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি।


ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি ফোন করেছিলাম, নাকি অন্য কেউ করেছিল, তাতে বোধ হয় কিছু যায় আসে না। মূল কথা হলো, তিনি এটি আবার চালু করেছেন।’


এর আগে বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে স্টারলিংক ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে মাস্ককে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।


প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে বলা হয়, ট্রাম্প ও মাস্কের কথোপকথনের পর বৃহস্পতিবার স্টারলিংক সেবা আগের তুলনায় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।


তবে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সেবাটি এখনো পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি। তারপরও গতি সীমিত করে দেওয়ার সময়ের তুলনায় বর্তমানে স্টারলিংক বেশি গতিতে কাজ করছে।


যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা এবং ড্রোন পরিচালনার জন্য ইউক্রেন স্টারলিংক ব্যবহার করে। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট সেবায় বিধিনিষেধ আরোপের ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক অভিযান ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ড্রোনের কার্যক্রম ব্যাহত হয়েছিল।


স্টারলিংক সেবা পুনরায় সচল হওয়ায় ইউক্রেনের সামরিক যোগাযোগ ও ড্রোন পরিচালনার সক্ষমতা কতটা স্বাভাবিক হবে, তা এখনো স্পষ্ট নয়।