মার্কিন মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের আরও ৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টিকে আরও ৭৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ নিয়ে চলতি নির্বাচনী চক্রে তাঁর মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪৬২ কোটি টাকা।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক নিজের রাজনৈতিক দল ও সুপার প্যাক ‘আমেরিকা প্যাক’-এর পাশাপাশি রিপাবলিকান প্রার্থীদের সমর্থনকারী বিভিন্ন রাজনৈতিক কমিটির মাধ্যমেও অর্থ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে তাঁর নতুন অনুদানের অর্থ জমা হয়েছে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রচেষ্টায় সহায়তার পাশাপাশি সিনেট লিডারশিপ ফান্ডেও বিপুল অর্থ দিয়েছেন মাস্ক। এই তহবিল থেকে টেক্সাসের রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থনের জন্য টেক্সাস প্যাকে অর্থ স্থানান্তর করা হয়।
টেক্সাসে প্যাক্সটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্যালারিকোর বিরুদ্ধে একাধিকবার সমালোচনামূলক ও আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন মাস্ক।
টেক্সাসে মাস্কের মালিকানাধীন বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের প্রধান কার্যালয় অথবা বড় ধরনের কার্যক্রম রয়েছে। ফলে রাজ্যটির নির্বাচনে তাঁর রাজনৈতিক ও আর্থিক সম্পৃক্ততা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
চলতি মধ্যবর্তী নির্বাচনে মাস্কের অনুদানের পরিমাণ ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের দেওয়া তাঁর মোট অনুদানকেও ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচনে তিনি সব মিলিয়ে ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।
এ ছাড়া ট্রাম্পের সমর্থনে গঠিত ‘মাগা ইনকরপোরেটেড’ নামের রাজনৈতিক কমিটিতেও অর্থ দিয়েছেন মাস্ক।