৭ দিন কারাবাসের পর মুক্তি পাচ্ছেন ককরোচ জনতা পার্টির দুই নেতা
ভারতের দিল্লিতে সাত দিন কারাবাসে থাকার পর মুক্তি পাচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার (২১ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ পড়া যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে তাঁরা ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন।
মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গত ১৩ অক্টোবর যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা ওড়ান। রাষ্ট্রপক্ষের দাবি, তাঁদের এই কর্মকাণ্ড ১০ অক্টোবর আটক হওয়ার পর স্বাক্ষরিত একটি শান্তিচুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
এরপর ১৪ অক্টোবর তাঁদের আটক করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। আদালত তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে সোমবার হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়।
অবশেষে বুধবার তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।