বাংলাদেশ-নেপালের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা চান না অভিজিৎ দিপকে
ভারতে তরুণদের চলমান আন্দোলনকে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের দাবিতে হওয়া আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তার দাবি, ভারতে আন্দোলনরত নেতাকর্মীরা সহিংসতার পথ বেছে না নিয়ে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এ সময় কারাবন্দি সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষেও কথা বলেন দিপকে।
তিনি বলেন, সৌরভ ও আশুতোষের শান্তিপূর্ণ আচরণকে সহিংস প্রতিবাদ হিসেবে দেখার সুযোগ নেই। বরং তারা রাগ ও ঘৃণা প্রকাশ না করে হাসিমুখে কারাগারে গেছেন। বিদেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে ভারতের আন্দোলনকে মেলানোর চেষ্টারও সমালোচনা করেন তিনি।
দিপকের ভাষ্য, যারা ফ্রান্সসহ বিভিন্ন দেশের পরিস্থিতির উদাহরণ দিয়ে ভারতের আন্দোলনকে বিচার করছেন, তাদের দেশের ভেতরের ঘটনাগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। তার দাবি, কারাবন্দি দুই নেতা বেআইনিভাবে আটক হওয়ার কথা জানার পরও শান্তি ও সম্প্রীতির পথ থেকে সরে যাননি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের প্রসঙ্গ না টেনে ভারতের আন্দোলনকারীদের আচরণের দিকে নজর দেওয়া উচিত। তার মতে, কারাবরণ করেও তাদের অহিংস অবস্থান বজায় রাখা ভারতের স্বাধীনতা আন্দোলনের নৈতিক আদর্শের প্রতিফলন।
মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের সঙ্গে সৌরভ ও আশুতোষের অবস্থানের তুলনা করে দিপকে বলেন, গান্ধী যেমন কারাবরণকে সত্যাগ্রহের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন, তেমনি এই দুই নেতাও কারাগারে থেকেও নিজেদের আদর্শ ধরে রেখেছেন। তাদের এই অবস্থান দেশের মানুষের বিবেককে জাগিয়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বচ্ছভাবে পরিচালিত হওয়া উচিত।
এই আন্দোলনকে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশের সহিংস নাগরিক অস্থিরতার সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসও। দলটির ভাষ্য, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সাংবিধানিক।
অন্যদিকে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো ভারতে সরকার পরিবর্তনের লক্ষ্যে একটি ‘ভারতবিরোধী চক্র’ ষড়যন্ত্র করছে। বিজেপির এই অভিযোগের পরই আন্দোলনের ধরন ও উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।
সূত্র: এএনআই ও দ্য নিউজ মিনিট।