নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করতে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসসহ কয়েকটি গণমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও হেগসেথের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কিংবা ইসরায়েলের তেল আবিবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, ওভদা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য না আসায় ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।