ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে দেশটিতে ফ্রান্সের মতো সহিংস বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা সিনেট আসনটি এবার ডেমোক্র্যাটদের কাছে হারানোর আশঙ্কা তৈরি হওয়ায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামেন তিনি।
ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতেও রিপাবলিকান প্রার্থীরা চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে কানসাসের সমাবেশে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প।
সমাবেশে নিজের বক্তব্যের একপর্যায়ে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না। ফ্রান্সে গির্জার চূড়া জ্বলতে এবং আগুন ছড়িয়ে পড়তে দেখলে মনে রাখতে হবে, তাঁর ভাষায়, ‘উগ্রপন্থী ডেমোক্র্যাটরা’ যুক্তরাষ্ট্রের সঙ্গেও এমনটি করতে চায়।
ফ্রান্সে সাম্প্রতিক দিনগুলোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবামূলক খাতে পর্যাপ্ত অর্থায়নের অভাব নিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের একপর্যায়ে দাঙ্গা ও লুটপাটের ঘটনাও ঘটে। কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি অন্যতম গুরুতর অস্থিরতার পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রেও পণ্য ও সেবার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসন চাপের মুখে রয়েছে।
সমাবেশে ট্রাম্প অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী বক্তব্যও দেন। ডেমোক্র্যাটদের বিদ্রূপ করে ‘ডুমোক্র্যাটস’ বলেও উল্লেখ করেন তিনি। অভিবাসী ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে তাঁর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আসছেন অধিকারকর্মীরা। নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের বক্তব্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাবকে স্বাভাবিক করে তুলতে পারে।
কানসাস ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ১৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। গত ৯৪ বছরে কানসাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হননি। তবে এবার রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।